সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ-এ নিযুক্ত সৌদি আরব-এর রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, বর্তমানে সৌদি আরবে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন, যাদের পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। জবাবে মন্ত্রী বলেন, যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি কাজের গতি বাড়াতে বাংলাদেশ থেকে বিশেষ দলও পাঠানো হয়েছে।
পাসপোর্ট প্রদানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে কঠোর অবস্থান ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও নির্দেশ দেন, যেসব মিয়ানমার-এর নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন বা বৈধ বাংলাদেশি নথি রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সৌদি আরব থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই করার কথাও জানান তিনি।
এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা হয়। সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে মন্ত্রী আগামী জুলাইয়ের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
