চিকিৎসায় অবহেলার কারণে চার রোগীর মৃত্যু এবং ভুল চিকিৎসা-প্রতিবেদন দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ চিকিৎসকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সংস্থাটির ৫৪তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (০৪ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে বিষয়টি জানানো হয়েছে।
বিএমডিসি সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ও সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের জন্য তাদের নাম কাউন্সিলের রেজিস্টার থেকে প্রত্যাহার করা হয়েছে। এ সময়ে তারা কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারবেন না।
দুই বছরের জন্য নিবন্ধন স্থগিত করা হয়েছে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারের ডা. ইশতিয়াক আজাদ ও ডা. এস এম মুক্তাদিরের।
এক বছরের জন্য স্থগিত হয়েছেন ঝিনাইদহের শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল ও ছন্দা ডায়াগনস্টিক সেন্টারের ডা. তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলাম।
ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিত করা হয়েছে বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ; মালিবাগের জে এস ডায়াগনস্টিকের ডা. মাহবুব মোরশেদ; টাঙ্গাইলের ঘাটাইলের আলোক হেলথ কেয়ারের ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত এবং ডা. মো. এছহাক আলীর।
নোটিশে বলা হয়েছে, চিকিৎসায় গাফিলতির কারণে চারজনের মৃত্যু এবং একজনকে ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির মুখে ফেলার দায়ে এসব চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। জনস্বার্থ ও চিকিৎসা সেবার মান রক্ষায় কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।
