খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে মাসুম বিল্লাহ (৪০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) রাত প্রায় ৯টার দিকে নগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে ডাকবাংলো মোড়ে অবস্থান করছিলেন মাসুম বিল্লাহ। এ সময় ৪–৫ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত সটকে পড়ে।
স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তলসহ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, আটক ব্যক্তি তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের সদস্য।
গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ডাকবাংলো মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।
হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নিহতের বড় ভাই মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
