মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আইআরজিসির জনসংযোগ বিভাগ দাবি করেছে—তাদের দশম দফার ক্ষেপণাস্ত্র অভিযানে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবনে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় ‘খায়বার’ নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
হামলার পর থেকে নেতানিয়াহুর অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ না হওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে। ইসরাইলি নিরাপত্তা সূত্রও এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি।
এর আগে শনিবার ইরান জানিয়েছিল, তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রেক্ষাপটে সোমবার পর্যন্ত অন্তত দশ দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে তেহরান। ইসরাইলের মূল ভূখণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও এসব হামলার আওতায় ছিল বলে দাবি করা হয়েছে।
