মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কাতার, কুয়েত ও বাহরাইন। সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এ বার্তা দিয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে টেলিফোন করেন। চলমান আঞ্চলিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার মধ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছিল। তবে কাতার, কুয়েত ও বাহরাইনের আশ্বাসে আপাতত স্বস্তির বার্তা মিলেছে।
