রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্র দমন করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানকালে মোট ১০০ জনকে আটক করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপরাধীদের দমন করা হয়।
ডিসি বলেন, “মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এবং ছিনতাইকারী যাতে মাথাচাড়া দিয়ে ওঠে না এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাহে রমজান ও ঈদুল ফিতরের মতো উৎসবের সময় অপরাধী চক্র যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ থাকব।”
অভিযানে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
