জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে সারাদেশে আলোচনায় আসা রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা–৮ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সুজন মনোনয়ন ফরম গ্রহণ করেন।
মনোনয়ন ফরম নেওয়ার পর সুজন জানান, তিনি ঢাকা–৮ আসন থেকেই নির্বাচন করবেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “ঢাকা–৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। তাই এ আসন থেকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”
একই আসন থেকে বিএনপি মির্জা আব্বাসকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। ফলে ঢাকা–৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সুজন।
জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি সুজনের স্যালুট দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেই দৃশ্যের পরই তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন লাভ করেন। সুজন বিশ্বাস করেন, এই জনপ্রিয়তাই তাকে নির্বাচনে শক্ত অবস্থান এনে দেবে।
উল্লেখ্য, এর আগে একই দল থেকে জুলাইয়ের আন্দোলনে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।
