বিএনপি মহাসচিবকে নিয়ে “এই সময়” এর সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর বলে বার্তা দিয়েছে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মিডিয়া সেলের পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারতের দৈনিক পত্রিকা “এই সময়”-এ প্রকাশিত সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, তা তিনি বলেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, এটি ভুল ও বিভ্রান্তিকর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না।
তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য।
এর আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জাতীয় সংসদ নির্বাচনে চান মির্জা ফখরুল এ খবর ছড়িয়ে পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেল থেকে এমন বার্তা দেয়া হয়।
