
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের মার্কিন শাখার নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের দিকে ডিম ছুড়েছেন ।এ ঘটনায় ‘মব সৃষ্টির’ অভিযোগে মিজানুর রহমান নামে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। পরে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। আটক হওয়ার পর তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, সঙ্গে থাকা আওয়ামী লীগ কর্মীরাও একই স্লোগান তোলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের বাসিন্দা মিজানুর রহমানকে নিউইয়র্ক পুলিশ হাতকড়াসহ আটক করেছে। প্রত্যক্ষদর্শী সুলাইমান হকের দাবি, বিএনপি-সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে মিজানুর রহমান ছুরি নিয়ে তার ওপর হামলা করতে গিয়েছিলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) মিজানুর রহমানকে আদালতে নেওয়া হবে; তার আগের রাত তিনি থানায় কাটাবেন।
এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ফ্লাইট জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং ,জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী আখতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করেন এবং তাসনিম জারাকে অশালীন ভাষায় গালাগাল করেন। প্রতিবাদে আখতার হোসেন ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এবং পরে পুলিশের সহায়তায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডিম ছুড়তে দেখা গেছে যুবলীগ নেতা মিজানুর রহমানকে।
বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরপর দুটি ডিম আখতার হোসেনের পিঠে লাগে। তিনি কোনো প্রতিক্রিয়া না জানিয়ে হেঁটে যান। গাড়িতে ওঠার পরও আওয়ামী লীগ নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন; পুলিশ তখন তাদের সরানোর চেষ্টা করে।
সম্প্রতি নিউইয়র্ক কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনার পর এই ডিম নিক্ষেপের ঘটনা ঘটলো। ওই ঘটনার মব সৃষ্টির অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত ১৯ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন।
