
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের হামলা ও ডিম নিক্ষেপের ঘটনার পর পাল্টা স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পর ম্যানহাটনে তার অবস্থানরত হোটেলের সামনেও আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ শুরু হয়।
চোখের সামনে বিরোধীদের বিক্ষোভ দেখে আখতার হোসেন ও তার সহযোগীরা হোটেলের নিচে নেমে আসেন এবং পাল্টা স্লোগান দিতে শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ আরও কয়েকজন নেতা-কর্মী। তারা ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আখতার হোসেন ও তার সহযোগীরা উত্তেজনাপূর্ণ স্লোগানে রাজপথ সরব করে তুলছেন এবং হোটেলের বিপরীতে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা স্লোগান দিচ্ছেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও অশালীন গালিগালাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণে আনেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
