চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তঘেঁষা কার্পাসডাঙ্গা গ্রামে শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা একটি পিতলের কলস ভর্তি প্রায় ২২ কেজি ওজনের রুপার মুদ্রা উদ্ধার করে।
কার্পাসডাঙ্গা গ্রামের মৃত দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন, খননের এক পর্যায়ে মেশিনের সাথে উঠে আসে একটি কলস। সেটি খোলা হলে দেখা যায় কলস ভর্তি রুপার কয়েন। উপস্থিত লোকজন বিস্মিত হয়ে যান, স্থানীয়দের অনেকে একে ‘গুপ্তধন’ বলেও অভিহিত করেন।
প্রাথমিকভাবে কয়েন গুনে দেখা যায়, কলসটিতে মোট ১ হাজার ৮৭৬টি মুদ্রা রয়েছে। মুদ্রাগুলো ১৮৬৫ থেকে ১৯১০ সালের মধ্যে ব্রিটিশ আমলের ভারতীয় রুপি বলে ধারণা করা হচ্ছে।
খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলস ও মুদ্রাগুলো থানায় নিয়ে আসে।
