রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। নিহতদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পর এই আদেশ দেন। ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারার ভিত্তিতে তিনি ঢাকার জেলা প্রশাসককে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে মরদেহ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম এই আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ ঢাকার বিভিন্ন স্থানে নিহত হন। তাদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতপরিচয় হিসেবে মোহাম্মদপুর থানার রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।
আইনগত পদক্ষেপ গ্রহণ এবং মরদেহ শনাক্ত করার লক্ষ্যে আদালতের অনুমতির ভিত্তিতে লাশ উত্তোলনের আবেদন করা হয়। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত, ডিএনএ নমুনা সংগ্রহ এবং ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধ অনুযায়ী মরদেহ হস্তান্তরের ব্যবস্থাও গ্রহণের কথা বলা হয়।
আবেদন ও সংযুক্ত নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
