ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক হোটেলকর্মী নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, শনিবার (২ আগস্ট) মধ্যরাতে উপজেলার মসলেমপুর ও ষৌলদাগ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) ও রুবেল আলী (২৪)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
ভুক্তভোগী ২৪ বছর বয়সী নারী জানান, ঈশ্বরদী সড়কের বারোমাইল এলাকার একটি হোটেলে কাজ শেষে তিনি স্বামীর সঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মসলেমপুর এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের গতিরোধ করে পাশের একটি লিচু বাগানে নিয়ে যায়। সেখানে তার স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের থানায় নেওয়া হয়।
এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রাতেই ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, ভুক্তভোগী তখনও হাসপাতালে পৌঁছাননি।
পরিদর্শক রকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
