রাজধানীর শাহবাগে আয়োজিত জাতীয় ছাত্র সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (৩ আগস্ট) অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের একটি বড় অংশ এখনও সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শাসন ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এবার আসন্ন জাতীয় নির্বাচনে সে অধিকার পুনঃপ্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে।’ তরুণদের উদ্দেশে তার আহ্বান, ‘তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে।’
তারেক রহমান বলেন, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের উদ্দেশে আমার বার্তা—এই আহ্বান ছড়িয়ে দাও দেশের প্রতিটি প্রান্তে, যেন সবাই জানে: তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও তার এ স্লোগানে সাড়া দেন।
তিনি আরও বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে যে যে গুণ বা যোগ্যতা প্রয়োজন, তা অর্জনের জন্য তরুণদের অঙ্গীকার করতে হবে। বিএনপির কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা সংস্কার, কর্মমুখী শিক্ষা চালু, ভাষা শিক্ষা, ই-কমার্স, আউটসোর্সিং এবং বিদেশে চাকরির সুযোগ তৈরির মাধ্যমে একটি সক্ষম ও স্বাবলম্বী প্রজন্ম গড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।
তিনি বলেন, আমাদের প্রত্যেকের মা আছেন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা চাই নবীন-প্রবীণ মিলিয়ে তেমন একটি বাংলাদেশ গড়ে তুলতে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তরুণদের এখনই ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সচেতন হতে হবে। এই সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকাই পারে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে।
তথ্যপ্রযুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আজকের বিশ্বে নারীবান্ধব ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপি এমন একটি পরিকল্পনা নিচ্ছে, যেখানে তরুণরা স্কুল জীবন থেকেই আইসিটি এবং কারিগরি শিক্ষা পাবে, যেন তারা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই প্রতিষ্ঠানকে জ্ঞানচর্চা ও গবেষণার নিরাপদ ভুবন হিসেবে গড়ে তুলতে হবে। আবাসন ও খাবারের মান উন্নয়ন অত্যন্ত জরুরি। ছাত্রদলের নেতাকর্মীদের তিনি আহ্বান জানান, হলগুলোর সমস্যার সমাধানে একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপন করতে।
তিনি জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একইভাবে সমস্যাগুলোর চিহ্নিতকরণ ও সুপারিশ তৈরিতে ছাত্রদল কাজ করছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমানসহ দলের কেন্দ্রীয় ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।
