রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা। শুক্রবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আর কখনও রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না।
লাইভে লিজা জানান, চট্টগ্রামে যাদের সঙ্গে তিনি জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, আজ তারাই নারীদের নিয়ে নেতিবাচক বয়ান তৈরির চেষ্টা করছেন এবং নারীদের ধ্বংস করতে চান। তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তার ভাষায়, তাদের সংগ্রাম হওয়ার কথা ছিল ছাত্রলীগ, ফ্যাসিজম ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে। কিন্তু এখন লড়াই করতে হচ্ছে নিজেদের মানুষদের সঙ্গে, যা সম্ভব নয়। লিজার অভিযোগ, জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীরা সামাজিক মাধ্যমে নিগ্রহের শিকার হলেও চট্টগ্রামের নেতৃত্ব তাদের পাশে দাঁড়ায়নি।
শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে লিজা লিখেছেন, চট্টগ্রামে কোনো নারী রাজনীতির মাঠে নামতে চাইলে তার ভাগ্যে কী অপেক্ষা করছে, তা বলা কঠিন। কারণ রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি নিজেদের লোকজনের কাছ থেকেও তাকে হেয়, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে হতে পারে—এ অভিজ্ঞতা তিনি বহুবার অনুভব করেছেন।
তিনি আরও লেখেন, একজন নারী যখন সব বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান উপেক্ষা করে রাজনীতিতে আসেন, তখন দলীয় ভাইয়েরাই তাকে অপমান করেন, নোংরা কথা বলেন। ফলে সেখানে রাজনীতি করার পরিবেশ আর থাকে না। এটিই তার কাছে সবচেয়ে বেদনাদায়ক।
গত ১৬ মে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে তিনি এসব অভিযোগ চ্যালেঞ্জ করেন। পরে ২৫ মে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
