চাঁদাবাজির মামলায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র-সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে আদালতে হাজির করা হলে, তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। শনিবার (২ আগস্ট) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত অপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিকেল ৩টার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে অপুকে আদালত প্রাঙ্গণে আনা হয়। এরপর তাকে হাজতখানায় রাখা হয় এবং ৩টা ২৮ মিনিটে লিফটযোগে আদালতে নেওয়া হয়।
লিফটে ওঠার সময় অপু মুখ লুকিয়ে রাখলেও পুলিশ সদস্যরা হেলমেটের কাচ সরিয়ে দেন। এক পুলিশ সদস্য তখন বলে ওঠেন, “সোনার মুখটা দেখান সবাইকে।” সাংবাদিকদের প্রশ্নে অপু কোনো উত্তর না দিয়ে কাঁদতে থাকেন। পেছনে পিছমোড়া করে হাত বাঁধা অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অপুর পক্ষে আইনজীবী মো. শাহ আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার সন্ধ্যার পর গুলশান-২ নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। অপু সেই অভিযুক্তদের একজন হলেও, সেদিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ১ আগস্ট, শুক্রবার, রাজধানীর গোপীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকি চারজন এরই মধ্যে কারাগারে রয়েছেন।
