ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে চলমান অবরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে একদল ব্যক্তি অবরোধকারীদের সরাতে গেলে উত্তেজনার সূত্রপাত হয়।
পুলিশ জানায়, শাহবাগ মোড় অবরোধ করে রাখা একটি গ্রুপের সঙ্গে নতুন করে আসা আরেকটি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা (আহত)’ ব্যানারে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় একটি দল, যারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেয়। তারা ‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।
টানা ৩২ ঘণ্টা অবরোধ চলার পর শুক্রবার সন্ধ্যায় আরও একটি দল সেখানে হাজির হয়ে নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে। তারা সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে অবরোধ তুলে নিতে চাপ দিলে দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে পৌঁছায় এবং সংঘর্ষ বাধে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, “গতকাল সকাল থেকে একটি গ্রুপ শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল, যার কারণে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। আজ সন্ধ্যায় একই দাবিতে আরেকটি গ্রুপ এসে উপস্থিত হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শাহবাগ মোড় আবারও পুরোপুরি সচল রয়েছে।”
