রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ওই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার পরপরই সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।
বলা হয়, ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও করা হচ্ছে।
অতিরিক্তভাবে, ওই কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়েও আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী সেনা আইন অনুসারে দায় নিরূপণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একটি অরাজনৈতিক, শৃঙ্খলাবদ্ধ এবং পেশাদার বাহিনী। রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ এখানে নেই। এ ধরনের কার্যকলাপে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনী সব সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সাংবিধানিক দায়িত্ববোধ অক্ষুণ্ন রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
