জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি বাদে বাকি সব সুপারিশে একমত পোষণ করেছে বিএনপি। শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যেসব প্রক্রিয়া প্রয়োজন, বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে। তবে ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি বিষয়ে আমাদের ভিন্নমত রয়েছে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি।”
জুলাই সনদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সব দলই সুপারিশগুলো গ্রহণ করেছে। সেই সব সুপারিশ একত্র করে চূড়ান্ত জুলাই সনদ প্রণয়ন করা হবে।”
