ছবি: সংগৃহীত
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। আসামিপক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত থাকবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ১৯ মার্চ আপিল করে। পরে লিভ টু আপিলের শুনানি শুরু হয় গত ১৫ মে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন এবং আহত হন দলের শতাধিক নেতা-কর্মী। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত রায় দেন।
সে রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
