ছবি: সংগৃহীত
বগুড়া সদর উপজেলায় এক যুবদল নেতার ওপর মুখোশ পরা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গুরুতর আহত ওই নেতার নাম অতুল চন্দ্র দাস, যিনি বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাটে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
ওসি জানান, নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি সাবগ্রামে ফিরছিলেন অতুল। পথে সাবগ্রাম হাট এলাকায় একটি দোকান থেকে ওষুধ কেনার সময় চারটি মোটরসাইকেলে করে আসা অন্তত আটজন মুখোশধারী অতুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত সেখান থেকে সরে পড়ে।
আহত অবস্থায় স্থানীয়রা অতুলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “অতুলকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
ওসি হাসান বাসির আরও বলেন, “হামলাকারীরা সবাই মুখোশ পরে ছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
