দেশের তিনটি বিভাগে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় ভূমিধসের শঙ্কাও রয়েছে বলে সংস্থাটি এক সতর্কবার্তায় জানিয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
অতি ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় জানানো হয়েছে।
