ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মধ্যে। গোলাম আকবর খোন্দকার জানান, সম্প্রতি প্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি বড়বাড়ি পাড়ায় যাচ্ছিলেন। গহিরা সত্তারঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা তাঁর গাড়িবহরে হামলা চালায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির একটি তাঁর ঘাড় ঘেঁষে চলে যায় বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, সংঘর্ষে আহত হয়ে অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল দাবি করেন, ৯ আগস্টের কর্মসূচিকে সামনে রেখে আজ তাদের মোটরসাইকেল শোভাযাত্রা চলছিল। গহিরা এলাকায় আসার পর প্রতিপক্ষের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ ১০ থেকে ১২ জন আহত হন বলে জানান তিনি।
সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জরুল হক বলেন, “গোলাম আকবর আওয়ামী দোসরদের নিয়ে আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলা করেছে। এতে বহু নেতাকর্মী আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।”
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত তদন্ত করে জানানো হবে।”
বর্তমানে এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।
