ছবি: সংগৃহীত
বিএনপিকে চাপ সৃষ্টি করে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “জুলাই-আগস্ট বিপ্লব আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই। বাংলাদেশই আমাদের প্রথম অগ্রাধিকার— আর এর মানে হলো, আমরা কারও কাছে মাথা নত করব না।”
সোমবার (২৮ জুলাই) ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত ‘গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাহবাগ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রাফিতি আঁকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, “যদি সত্যিই দেশকে বদলাতে চান, তাহলে সাধারণ মানুষের কাছে যেতে হবে— জানতে হবে তারা কী চায়। একজন ভ্যানচালকের জীবন কতটা বদলেছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর অবস্থা কী— এসব প্রশ্ন এখন জরুরি।”
রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন এবং রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছেন— তারা আসলে ভুল করছেন। আমরা আপসহীন, এমন নয়। আমরা এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সবসময় সহযোগিতা করছি এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এই কর্মসূচিকে ঘিরে শাহবাগে উপস্থিত নেতাকর্মীরা রাজনৈতিক পরিবর্তনের ডাক দেন এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করেন।
