দেশের ৭১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। রোববার, ২৭ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে, ৪ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
বদলিকৃতদের মধ্যে অধিকাংশই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই আদেশে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব হিসেবে। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানাকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁর স্থলে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসব আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
