সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন রোগী।
রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, খুলনায় ২৮ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর মোট ১৮ হাজার ২২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
