ঢাকা, ২২ জুলাই:
“বিচার চাই, জবাব চাই”—এই স্লোগানকে সামনে রেখে ছয় দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উত্তরা দিয়াবাড়ি গোলচত্বর অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে। সকাল ১১টা পর্যন্ত প্রতিবাদ অব্যাহত ছিল।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মূল পয়েন্টগুলো হলো:
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেন বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, নিহতের প্রকৃত সংখ্যা শতাধিক হলেও তা গোপন করা হচ্ছে। তাদের দাবি, প্রকৃত তথ্য প্রকাশ না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাবে।
এর আগে সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন।
সরকারি তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২৫ শিক্ষার্থীসহ ২৭ জন নিহত হয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং দাবি করেছে, হতাহতের সংখ্যা গোপনের অভিযোগ ভিত্তিহীন।
