গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলার অভিযোগ তুলেছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মুজিববাদী আদর্শের সন্ত্রাসীরা গণঅভ্যুত্থানের নেতাদের হত্যা করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এতে এনসিপির তিনজন নেতাকর্মী আহত হন।
বুধবার রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম জানান, এনসিপির কর্মসূচি ১ জুলাইয়ের আগেই ঘোষণা করা হয়েছিল। সেই প্রস্তুতির সুযোগ নিয়েই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গোপালগঞ্জ বর্তমানে আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। সারা দেশ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের কর্মসূচি না করার যে দীর্ঘদিনের ধারণা ছিল, এই হামলা কি তারই বহিঃপ্রকাশ? তবে তিনি জোর দিয়ে বলেন, এনসিপি সেই মিথ ভেঙে দিয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু ক্ষেত্রে সহায়তা করলেও এই হামলা অন্য ইঙ্গিত দেয়। প্রশাসনের পক্ষ থেকে কোনরূপ ষড়যন্ত্র হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। স্টেজে হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। মুজিববাদের বিরুদ্ধে এনসিপির আন্দোলন চলমান থাকবে বলেও উল্লেখ করেন নাহিদ।
হামলার পর বিভিন্ন দল ও মতের মানুষের সহানুভূতি ও প্রতিবাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানান, এনসিপি প্রতিটি জেলায় গিয়ে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করছে এবং একইসঙ্গে জুলাই অভ্যুত্থান ও এনসিপির উদ্দেশ্য তুলে ধরছে।
নাহিদ ইসলাম বলেন, ফেরার পথে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র জনগণের সামনে প্রকাশ পেয়েছে। আপাতত মাদারীপুর ও শরিয়তপুরে এনসিপির কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি মুজিববাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
