অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার বিষয়ে হাইকোর্টে দায়ের করা রিট প্রসঙ্গে তাঁর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে—তিনি এমন কোনো উপাধি চান না।
মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, “অধ্যাপক ইউনূস নিজে কখনো এ ধরনের ঘোষণার আগ্রহ প্রকাশ করেননি। এমনকি সরকারও তাঁর জন্য এমন কোনো পদবির চিন্তা করছে না।”
বিবৃতিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে। এতে জানতে চাওয়া হয়েছে, অধ্যাপক ইউনূসকে কেন ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এ বিষয়ে প্রয়োজনীয় আইনি জবাব দেবে।
সরকারি বিবৃতিতে আরও জানানো হয়, রিট আবেদনটি একজন নাগরিকের একক উদ্যোগে দায়ের বলে মনে হচ্ছে এবং এটি কোন প্রেক্ষাপটে করা হয়েছে, সে বিষয়টিও অস্পষ্ট। বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পর্যালোচনা করছে।
প্রসঙ্গত, হাইকোর্ট সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন। সেখানে ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
আদালত আরও জানতে চেয়েছে, আন্দোলনে নিহতদের একটি নির্ভরযোগ্য তালিকা করে গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না। মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
