মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) চালু করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসার (SEV) স্থলে এখন থেকে মাল্টিপল এন্ট্রি সুবিধা প্রযোজ্য হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়া সাধারণত ১৫টি দেশ থেকে কর্মী নিয়োগ করে, তবে এতদিন শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য ছিল। এই নিয়মের কারণে অনেক প্রবাসী কর্মীকে অপ্রয়োজনীয় জটিলতায় পড়তে হতো।
তিনি জানান, গত মাসে তিনি ও লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিষয়টি তুলে ধরেন। মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত ১০ জুলাই ২০২৫ তারিখে একটি আদেশ জারি করে মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি নিশ্চিত করে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসও এ উদ্যোগ বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ রেখেছে বলে জানান আসিফ নজরুল।
জানা গেছে, যেসব বাংলাদেশি কর্মীর সিঙ্গেল এন্ট্রি ভিসা (SEV) এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) আগে থেকেই ছিল, তাদের নতুন করে এমইভি আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা হবে।
এছাড়া, মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে প্রেরিত নির্দেশনায় বলা হয়েছে, বৈধ PLKS থাকলে পুরনো SEV নিয়েও বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় বারবার আসা-যাওয়া করতে পারবেন।
এ বিষয়ে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়া সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তে মালয়েশিয়ায় কর্মরত লাখো বাংলাদেশি প্রবাসী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
