নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ নতুন ১৪৪টি রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। দলগুলোর দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি থাকায় তাদের ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে ইসি, যাতে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিয়ে ঘাটতি পূরণ করা যায়।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেয়া হয়েছে। বাকি দলগুলোকেও দ্বিতীয় ধাপে চিঠি পাঠানো হবে। এনসিপিসহ ৮২টি দল দ্বিতীয় ধাপে চিঠি পাবে।
এর আগে নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোর কাছ থেকে আবেদন নিতে গণবিজ্ঞপ্তি জারি করে। পরে আবেদন জমার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। ওই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল আবেদন করে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবেদনকারী কোনো দলই প্রাথমিকভাবে বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি।
