জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে ১০০ করার পক্ষে মত দিয়েছে বিএনপি। তবে এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নয়, বর্তমান সংরক্ষিত পদ্ধতিতে নির্বাচন হওয়ার পক্ষেই রয়েছে দলটি।
সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি। তবে এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নয়, বিদ্যমান পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করাকে আমরা সমর্থন করি।”
নারীর ক্ষমতায়নে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশে নারী অগ্রগতির বিষয়ে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে।”
তিনি আরও জানান, যেসব ব্যক্তি সমাজে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছিল বিএনপি। তবে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি।
কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন সংখ্যা বৃদ্ধি ও উচ্চকক্ষ গঠনের বিষয়ে আলোচনা চলছে। তবে নারী আসনে কীভাবে প্রতিনিধিদের নির্বাচন করা হবে, তা এখনও নির্ধারিত হয়নি।”
জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠকে সংসদের ভবিষ্যৎ কাঠামো, প্রতিনিধিত্বের পদ্ধতি এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
