রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে জনসমক্ষে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ড কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন-শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার প্রতিচ্ছবি। তিনি বলেন, “আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণ-আন্দোলনের মাধ্যমে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পরে সংঘটিত এই নির্মম ঘটনাটি দেশের বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। প্রকাশ্যে এমন ন্যক্কারজনক ঘটনা বিচারহীন থাকলে সমাজ আরও গভীর অন্ধকারে ডুবে যাবে।”
বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলতে চাই—এই ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”
