মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দুর্গম হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ঘটনাটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
নিহতরা হলেন— রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে গেলে তা তুলতে একজন ট্যাংকে নামে। পরে একজনের পর একজন—মোট পাঁচজন ট্যাংকে নেমে পড়লে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আমিনুল ইসলাম জানান, “সেপটিক ট্যাংকের ভেতর গ্যাসের বিষক্রিয়ায় তারা মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
