রংপুরের পীরগাছায় বৌভাত থেকে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের নজিরের হাট এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৫০ থেকে ৬০ জন যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী গ্রামে এক বিয়েবাড়ির বৌভাতে অংশ নিতে যান। ফেরার পথে তাদের বহনকারী বাসটি পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। শিশুসহ দুজনের মরদেহ রাতেই উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনো উদ্ধার অভিযান চলমান, তবে বাসটি এখনও পুরোপুরি পানির নিচে রয়েছে।
আহতদের মধ্যে বেশিরভাগকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন এবং উদ্ধার কাজে সহায়তা করছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটি উদ্ধারে ডুবুরি দল নামানো হতে পারে।
