ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ৩২ ও ৮১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই উচ্চতা স্থিতিশীল থাকতে পারে, ফলে জেলার বন্যা পরিস্থিতিও পরিবর্তন না হয়ে স্থিতিশীল থাকতে পারে।
বুধবার (৯ জুলাই) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দেশের উপকূলীয় এবং পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
এছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করায় আগামী একদিন ওই এলাকায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে থাকতে পারে, তবে অবস্থার উন্নতির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
পাউবো আরও জানায়, চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গোমতী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে। অপরদিকে, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি হ্রাস পাচ্ছে এবং পরবর্তী দুই দিনে এ প্রবণতা অব্যাহত থাকবে।
এছাড়া হালদা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে চট্টগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীগুলোতেও পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী একদিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে পরবর্তী দুই দিন পানির স্তর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
