রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ১৮ থেকে ৩৩ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথ রাখার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূস।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা ও বুথের সম্ভাবনা যাচাই করতে। এই বয়সসীমার অনেক তরুণ এবার প্রথমবারের মতো ভোট দেবেন। তারা অতীতের তিনটি জাতীয় নির্বাচনে—২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে—ভোট দিতে পারেননি বলে মনে করেন।”
প্রধান উপদেষ্টা মনে করেন, তরুণদের আলাদা ভোটার তালিকা ও বুথ রাখার বিষয়ে সম্ভাব্য লজিস্টিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির নানা দিক পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা।
প্রসঙ্গত, এর আগেও সরকার নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছিল। এবার সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
