চুয়াডাঙ্গায় ‘জুলাই পদযাত্রা’র নবম দিনের কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এক বছর আগের মতোই দেশে এখনো মাদক, চোরাকারবার, মামলা বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম চলছে। এই অবস্থার বিরুদ্ধেই হয়েছিল গণঅভ্যুত্থান। শহীদ ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে লড়েছেন, তা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বুধবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য তিনি ও তার দল আওয়ামী লীগ দায়ী।”
তিনি আরও অভিযোগ করেন, “হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, যেখানে ভারত সরকার তাকে এবং অন্যান্য ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের আশ্রয় দিচ্ছে।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ সময় নেতারা জনগণের স্বার্থে চলমান আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।
