চট্টগ্রাম নগরের হালিশহরে নালায় পড়ে ৩ বছর বয়সী মরিয়ম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ৩টার দিকে আনন্দপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে পানিতে ঢাকা উন্মুক্ত নালায় পড়ে যায় শিশুটি। স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করি। অল্প সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা হলেও সে প্রাণে বাঁচেনি।”
এ দুর্ঘটনা শহরের নালা ব্যবস্থাপনার দুর্বলতা এবং নিরাপত্তাহীনতার চিত্র আরও একবার স্পষ্ট করেছে। আগেও একাধিকবার খাল-নালায় পড়ে শিশু ও প্রাপ্তবয়স্করা প্রাণ হারিয়েছেন।
২০২১ থেকে ২০২৪ পর্যন্ত অন্তত ছয়টি এ ধরনের ঘটনা ঘটেছে, যার মধ্যে সবজিওয়ালা, বিশ্ববিদ্যালয় ছাত্রী ও ১৮ মাস বয়সী শিশুও রয়েছে।
নগরবাসী ও বিশ্লেষকরা বলছেন, বারবার এমন মৃত্যুর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। উন্মুক্ত নালা ঢেকে দেওয়া এবং সতর্কতামূলক চিহ্ন না থাকা এসব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন অনেকে।
