ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক চার বাংলাদেশিকে চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।
আটক চারজন হলেন— নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বাদী অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন অভিযোগ করেন, আটক ব্যক্তিরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করে সন্ত্রাসবাদের প্রচারণা ও সদস্য সংগ্রহে জড়িত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কে এম তারিকুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার, আর আসামিদের পক্ষে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আইনজীবী এমদাদুল হকসহ অন্যরা। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মালয়েশিয়ায় গ্রেপ্তারের পর তিন আসামি নজরুল, রেদোয়ানুল ও জাহেদকে গত ৩ জুলাই দেশে ফেরত পাঠানো হয়। তারা ৪ জুলাই বিকেলে ঢাকায় পৌঁছালে বিমানবন্দর থেকে তাদের আটক করে হেফাজতে নেয় এটিইউ। এরপর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা মালয়েশিয়ার আইপি ঠিকানা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী প্রচারণা চালাতেন এবং বাংলাদেশি নাগরিকদের সংগঠনে সম্পৃক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করতেন।
তারা বছরে ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত চাঁদা দিয়ে সংগঠনের তহবিল গঠনে সহায়তা করতেন এবং ই-ওয়ালেট ও আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠাতেন। গোয়েন্দা তথ্য বলছে, তারা বাংলাদেশে ফিরে এসে জঙ্গি হামলার মতো কর্মকাণ্ডে জড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে।
মালয়েশিয়ার পুলিশ ধাপে ধাপে অন্যান্য সন্দেহভাজনদেরও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
