ছবি: সংগৃহীত
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী সাগরে নিখোঁজ হন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি পয়েন্ট থেকে নিখোঁজ শিক্ষার্থী কে এম সাদমান রহমানের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। দুজনেরই বাড়ি বগুড়ায়। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ মো. ফরহাদ হোসেন হলের আবাসিক ছিলেন।
চবির সহকারী প্রক্টর ও বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, “চারজন শিক্ষার্থী সোমবার রাতে নিজেরা ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। সেখানে সমুদ্রস্নানের সময় তিনজন পানিতে তলিয়ে যান। একজনের মরদেহ উদ্ধার হলেও অন্যদের উদ্ধারে কাজ চলছে।”
তিনি আরও জানান, ঘটনার খবর জানার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবারকে অবহিত করা হয়েছে এবং বিভাগের শিক্ষকরা ইতোমধ্যে কক্সবাজারের পথে রওনা হয়েছেন।
হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু বলেন, “বন্ধুদের সঙ্গে উত্তাল সাগরে নেমেছিলেন তারা। হঠাৎ প্রবল স্রোতে তিনজন তলিয়ে যান। উদ্ধার হওয়া মরদেহটি স্থানীয় জেলেদের সহায়তায় তীরে আনা হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে চেষ্টা চলছে।”
উল্লেখ্য, সামুদ্রিক স্রোত প্রবল থাকায় হিমছড়ি ও আশপাশের সৈকতে ঘূর্ণিঝড়প্রবণ মৌসুমে সতর্কতা থাকলেও অনেক পর্যটক সাগরে নেমে পড়েন, ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে প্রায়শই।
