“আওয়ামীলীগ ও বিএনপি—দুই দলের দুঃশাসনের চিত্র জনগণের সামনে স্পষ্ট” মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এক সময় দেশে ছিল ‘খাম্বা কেস’-এর রাজত্ব, আর এখন দেখা যাচ্ছে ৯ মাসে ১৫০টি হত্যাকাণ্ড।
রবিবার (৬ জুলাই) বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত খালি খাম্বা আর ট্রান্সফার কেলেঙ্কারি দেখেছি। তখন ছিল হাওয়া ভবনের দাপট। আর এখন দেখছি লাগামহীন খুন-খারাবি।”
বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, “এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না। পত্রিকা খুললেই এসব খবর পাওয়া যায়। আমরা যা দেখি, তার চেয়ে অনেক গভীরে আরও ভয়াবহ দুর্নীতি লুকিয়ে আছে।”
আওয়ামী লীগের সম্পদ প্রসঙ্গে তিনি বলেন, “দলীয় সম্পত্তি কার হাতে গেছে—তা খুঁজলেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। এস আলম গ্রুপের মালিকানা ও গাড়িগুলোর অবস্থান দেখলেই বোঝা যাবে।”
বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনারা যদি বলেন বিএনপি ভোট পাবে, তাহলে যুক্তি দিয়ে বলেন কেন? ২০০১-২০০৫ সালে তারা ক্ষমতায় ছিল, কিন্তু তারপর কেন আর ফিরে আসতে পারেনি? কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি উন্নয়ন করেছে বললে, আওয়ামী লীগ তার চেয়ে অনেক বেশি করেছে।”
তিনি আরও বলেন, “যদি আওয়ামী লীগ এত উন্নয়ন করেও জনগণের সমর্থন হারায়, তাহলে বিএনপি তো এখনো ক্ষমতায়ই আসতে পারেনি—তাদেরকেও জনগণ গ্রহণ করবে না, সেটাই স্বাভাবিক।”
বক্তব্যে তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “আপনারা ভাবছেন আগের মতোই মানুষ ভোট দেবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। মানুষ অতীতের ভুলে আর ফিরে যেতে চায় না।”
