দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট ৮ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করে ৫৮৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা হয়েছে।
চলতি বছরে করোনায় দেশে মোট ২২ জনের মৃত্যু হয়েছে। আর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ, আর এখন পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
এদিকে চট্টগ্রাম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ ছিল না। চট্টগ্রামে জুন মাসের শুরু থেকে এখন পর্যন্ত ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে মারা গেছেন সাতজন। সর্বশেষ শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
