মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে এক ধর্মীয় উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। স্থানীয় সময় বুধবার ভোররাতে ইরাপুয়াতো শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এপি ও এনডিটিভি সূত্রে জানা যায়, শহরের রাস্তায় ‘সেন্ট জন দ্য ব্যাপটিস্ট’ উপলক্ষে শতাধিক মানুষ আনন্দ-উৎসবে অংশ নিচ্ছিলেন। গান, নাচ ও আলোর ঝলকানিতে জমে ওঠা উৎসব হঠাৎই ভয়াবহ রূপ নেয়, যখন একাধিক বন্দুকধারী হামলা চালায়।
হামলার সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে আতঙ্কিত মানুষজনকে চিৎকার করে দৌড়ে পালাতে দেখা যায়। মুহূর্তেই উৎসবস্থল পরিণত হয় রণক্ষেত্রে।
ইরাপুয়াতোর সরকারি কর্মকর্তা রোডলফো গোমেজ সেরভান্তেস এক সংবাদ সম্মেলনে জানান, প্রথমে নিহতের সংখ্যা ৯ জন ছিল, পরে তা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটা একটি বেদনাদায়ক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, গুয়ানাহুয়াতো মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি। এখানে বিভিন্ন অপরাধী চক্র ও মাদক কার্টেল নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই সঙ্ঘাতে লিপ্ত।
গত মাসেও একই প্রদেশের সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলিতে সাতজন নিহত হন।
চলতি বছরের প্রথম পাঁচ মাসেই গুয়ানাহুয়াতোতে ১ হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা মেক্সিকোর অন্যান্য রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই ঘটনা সেই সহিংস চক্রের দমন নিয়ে দেশটির নিরাপত্তা ব্যবস্থার ওপর আবারও প্রশ্ন তুলে দিয়েছে।
