ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার রাতভর বাংকারে নিরাপত্তা নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার শুরুতে নেতানিয়াহু বাংকারে প্রবেশ করেন এবং কাৎজসহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সেখানে জরুরি বৈঠকে মিলিত হন। তারা চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শুক্রবার রাতের তেল আবিবে দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, এতে অন্তত একজন নারী নিহত ও পঞ্চাশের বেশি মানুষ আহত হয়েছেন। শহরের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইসরায়েলি নাগরিকরা এর আগে কখনো এমন ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখেননি বলে জানিয়েছেন।
ইরান দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের বিভিন্ন প্রতিরক্ষা দফতর ও ভবনে আঘাত হেনেছে। তবে ইসরায়েল সব ক্ষেপণাস্ত্র থামাতে না পারায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই হামলার পর শনিবার ভোরে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার চেষ্টা করে ইসরায়েল। ইরানের সামরিক বাহিনী তা সফলভাবে প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে বিমানবন্দরের ভিতরে আগুন লেগে ধোঁয়া উড়ে ওঠার দৃশ্য দেখা গেছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় কমপক্ষে দুটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
