বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “তিনি বাংলাদেশের নাগরিক। চাইলেই দেশে আসতে পারেন। তাঁর দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।”
বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমানের দেশে ফেরার পূর্ণ অধিকার আছে। তিনি চাইলে যেকোনো সময় ফিরতে পারেন। সরকার এতে কোনো বাধা দেবে না।”
এ সময় তিনি ভারত থেকে বাংলাদেশে পুশইন প্রসঙ্গেও মন্তব্য করেন। বলেন, “যাদের ভারত থেকে পুশইন করা হচ্ছে, তারা সঠিক প্রক্রিয়ায় আসছেন না। অমানবিকভাবে তাদের জঙ্গলের ভেতর দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি ভারতের হাইকমিশনকে জানিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে কথা বলেছেন।”
তিনি বলেন, “আমরা অবশ্যই বাংলাদেশি নাগরিকদের ফেরত নেব, তবে তাদের সঠিক চ্যানেল মেনে আসতে হবে। রাস্তা বা জঙ্গলের ভেতর দিয়ে ঢোকা গ্রহণযোগ্য নয়।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ড. মোহাম্মদ যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
