ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনজন নিহতের ঘটনায় ট্রেনচালকসহ চারজন রেলকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—গার্ড সোহেল রানা, লোকো মাস্টার গোলাম রসুল, সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ এবং অস্থায়ী গেট কিপার মাহবুব।
তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা, চট্টগ্রাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডিএমই (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তে একটি পর্যটক এক্সপ্রেস ট্রেন কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন। আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
