স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিপিএসসি সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ১ জুন থেকে, যা চলবে ২৫ জুন ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে যারা শেষ দিনে (২৫ জুন) ইউজার আইডি সংগ্রহ করবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
বিশেষ এই বিসিএসের এমসিকিউ পরীক্ষা আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময় যথাসময়ে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
