ছবি: সংগৃহীত
দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা সংলাপের শুরুতে ‘জুলাই চার্টার’ দ্রুত গৃহীত হবে বলে আশা প্রকাশ করেছেন। সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির বাইরে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “বৈঠকে প্রায় ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। সবাই অংশ নিচ্ছেন এবং মত প্রকাশ করছেন। বৈঠক এখনো চলছে।”
প্রেস সচিব আরও জানান, এই সপ্তাহে আরও একটি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবার হয়তো একাধিক দলের প্রতিনিধিদের একত্রে বসিয়ে আলোচনা করা হবে। “আগে যেখানে একেকটি দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা হতো, এখন একেকটি দলের একজন করে প্রতিনিধি নিয়ে গুচ্ছ বৈঠক হতে পারে,” বলেন তিনি।
প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “তিনি ৪ মিনিটের একটি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন, যেখানে সংলাপের প্রথম পর্বের সমাপ্তি এবং দ্বিতীয় পর্বের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে এই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি পেয়েছি, তা বাস্তবায়নে সবাই কাজ করছেন। এখন সংলাপে দ্বিমতের জায়গাগুলো নিয়ে গভীরভাবে আলোচনা হবে।”
এই সংলাপকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায় রচিত হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, ‘জুলাই চার্টার’ যদি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত হয়, তবে তা হতে পারে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমঝোতার ভিত্তিপ্রস্তর।
