রাজধানীর পল্টনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে এক হকারের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে ক্ষমা চেয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নয়ন।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নয়ন সমাবেশে ভিড় নিয়ন্ত্রণের একপর্যায়ে এক হকারকে ধাক্কা দেন। এ নিয়ে নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়ার পর শুক্রবার রাতে তিনি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেন।
নয়ন লেখেন, “অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের প্রাণপণ চেষ্টার পরও লাখ লাখ নেতাকর্মীকে সুশৃঙ্খল রাখতে গিয়ে একজন হকারের গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার আরও সচেতন থাকা উচিত ছিল এবং ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব।”
তিনি আরও বলেন, “গতকালের ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
পরবর্তী এক স্ট্যাটাসে নয়ন লেখেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার আবেগ অনুভূতির কেন্দ্রবিন্দু। নেতাকর্মীরা রক্তের সম্পর্কের না হলেও আত্মার ভাই। আমরা একটা পরিবার, যেখানে শাসন আর ভালোবাসা একই সূত্রে গাঁথা।”
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীরা জীবন ঝুঁকি নিয়ে রাজপথে থাকেন, দল ও জিয়া পরিবারের প্রতি আনুগত্য থেকে। কোনো আংশিক ভিডিও বা প্রোপাগান্ডা আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না ইনশাআল্লাহ।”
এ ঘটনায় বিএনপি বা যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
